ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা
দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থীরা। শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম। ক্যাম্পাসে নতুন করে বইতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনী হাওয়া।
রোববার (৫ অক্টোবর) ছুটির পরের প্রথম দিনেই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। প্রতিশ্রুতি নিয়ে ছুটে গেছেন শিক্ষার্থীদের কাছে। প্রচারে তাদের বাধা ছিল বৃষ্টি।
এদিকে পোষ্য কোটা ও শিক্ষক ‘লাঞ্ছনার’ অভিযোগে শিক্ষকদের আন্দোলনের সুরাহা না হওয়ায় রাকসু নিয়ে এখনো আশঙ্কা প্রকাশ করছেন প্রার্থীরা। আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রোববার দিনের শুরু থেকেই ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ অন্য প্রার্থীরা নবোদ্যোমে প্রচারকাজ শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, আমতলা, হল পড়াসহ সবখানেই ভোটারদের কাছে তারা নিজেদের ইশতেহার ও ব্যালট নম্বরসহ লিফলেট পৌঁছে দিচ্ছেন; চেয়ে নিচ্ছেন দোয়া এবং তাদের মূল্যবান ভোট।