নির্বাচনী জোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই।’
সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মুহাম্মাদপুরস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ (রহ.)-এর সাহেবজাদা ও আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা. বা.)-এর জামাতা হজরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি আমিরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য জাকির হোসাইনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মামুনুল হক বলেন, ‘সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।’