আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনায় দোষী সাব্যস্ত চীনা নারী

Shishir Mahmood • 30 September 2025, 11:39 PM ফটো কার্ড
50 বার পড়া হয়েছে
শেয়ার করুন:

ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা ৬১ হাজার বিটকয়েন উদ্ধার করেছে, যার বর্তমান বাজারমূল্য পাঁচ বিলিয়ন পাউন্ডেরও বেশি (৬৭০ কোটি মার্কিন ডলার)।

৪৭ বছর বয়সি ঝিমিন কিয়ান (অন্য নামে ইয়াদি ঝাং) সোমবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অবৈধভাবে বিপুল পরিমাণ বিটকয়েন অর্জন ও রাখার অভিযোগে দোষ স্বীকার করেন।

২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কিয়ান চীনে একটি বৃহৎ প্রতারণা চক্র পরিচালনা করেন, যেখানে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষকে ঠকানো হয়। প্রতারণার অর্থ তিনি বিটকয়েনে রূপান্তর করে লুকিয়ে রাখেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সাত বছরের আন্তর্জাতিক তদন্ত শেষে এই রায় এলো। তদন্ত শুরু হয়েছিল একটি টিপঅফ থেকে, যেখানে অপরাধী সম্পদের স্থানান্তরের তথ্য পাওয়া গিয়েছিল।

তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ সার্জেন্ট ইসাবেলা গ্রোট্টো জানান, কিয়ান পাঁচ বছর ধরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে চীন থেকে পালিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তিনি যুক্তরাজ্যে আসার পর চুরি করা অর্থ দিয়ে সম্পত্তি কিনে অর্থপাচারের চেষ্টা করেন।